সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সৎ ছেলে নজরুল মোল্লার বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মারুফা বেগম (মা) ও স্বপ্না বেগম (ছোট ভাইয়ের স্ত্রী)।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, আটুলিয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা হান্নান মোল্লার প্রথম পক্ষের ছেলে নজরুল মোল্লা দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের হয়রানি করে আসছিল। বৃহস্পতিবার ধান কেটে বাড়িতে আনা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে নজরুল ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে মা ও ভাবির ওপর হামলা চালায়।
আহত স্বপ্না বেগম জানান, তার স্বামী শাহাদাত মোল্লা চাকরির কারণে বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে ভাসুর নজরুল তাদের ওপর হামলা চালায়। তিনি বলেন, “আমাকে ও আমার শাশুড়িকে এলোপাতাড়ি মারধর করা হয়। এমনকি আমার কোলের শিশুকেও মারতে উদ্যত হয় সে।”
এ ঘটনায় মারুফা বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। হামলার পর চিকিৎসার জন্য বের হতে চাইলে অভিযুক্ত নজরুল তাদের আটকে রেখে ভয়ভীতি ও হুমকি দেয় বলেও অভিযোগ করেন তারা।
আহত স্বপ্নার ভাই ফারুক হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে তার বোন ও মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”