খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ কোডিন ফসফেট যুক্ত ৪৫ (পয়তাল্লিশ) বোতল ‘ফেয়ারডিল’ (FAIRDYL) সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে আজ (শনিবার) জিরোপয়েন্ট মোড় এলাকায় একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসা কোডিন ফসফেট যুক্ত ৪৫ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদক মূলত ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক এনে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। মাদক চোরাচালানের এই চক্রটির সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।