বাংলাদেশ-ভারত স্বাস্থ্যসেবা সহযোগিতা এবং আন্তর্জাতিক রোগীদের চিকিৎসা সমন্বয় নিয়ে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘Healthcare Networking Meeting’। শনিবার রাজধানীর বনানীতে আয়োজিত এ সভায় ভারতের প্রখ্যাত স্বাস্থ্য প্রতিষ্ঠান ম্যাক্স হেলথ কেয়ারের (Max Healthcare) থোরাসিক সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট ডিরেক্টর ডা. কামরান আলী এবং বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতের অন্যতম প্রতিষ্ঠান লাইফ টু ওয়ে গ্লোবাল এর ব্যবস্থাপনা পরিচালক, স্পাইন বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল গবেষক ডা. রিশাত ইবতিশাম সহ আরও অনেকে অংশ নেন।
সেমিনারে থোরাসিক সার্জারি বা বক্ষব্যাধি চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশেষ আলোচনা হয়। এ সময় ডা. কামরান আলী থোরাসিক অপারেশন এবং আধুনিক রোবোটিক থোরাসিক অপারেশনের অপরিহার্য গুরুত্ব তুলে ধরে জানান, রোবোটিক প্রযুক্তির সহায়তায় ফুসফুস ও বক্ষব্যাধির জটিল অপারেশনগুলোতে নিখুঁত নির্ভুলতা নিশ্চিত করা সম্ভব হয়। এর ফলে রোগীদের কাটাছেঁড়া কম হয়, রক্তপাত কমে, অস্ত্রোপচার পরবর্তী জটিলতা হ্রাস পায় এবং রোগীরা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আন্তর্জাতিক মানের এই চিকিৎসা পদ্ধতি রোগীদের জীবন বাঁচাতে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে বলে তিনি মত প্রকাশ করেন।

মূল নেটওয়ার্কিং সভার আগে বিকেলে ডা. রিশাত ইবতিশাম ও ডা. কামরান আলীর মধ্যে একটি বিশেষ ওয়ান-টু-ওয়ান গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে থোরাসিক সার্জারির আধুনিক চিকিৎসা, জটিল রোগীদের ব্যবস্থাপনা, সঠিক বিশেষজ্ঞ নির্বাচন এবং বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের জন্য সমন্বিত সেবা ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠক প্রসঙ্গে ডা. রিশাত ইবতিশাম বলেন, “আন্তর্জাতিক চিকিৎসার ক্ষেত্রে শুধু রোগীকে একটি হাসপাতালে পাঠানোই যথেষ্ট নয়। রোগীর সমস্যার সঠিক মূল্যায়ন, উপযুক্ত বিশেষজ্ঞ নির্বাচন, চিকিৎসা পরিকল্পনা এবং পুরো প্রক্রিয়ায় সমন্বয় গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার সুযোগ তৈরি করবে।
ডা. কামরান আলী বলেন, "বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় রোগীদের প্রকৃত প্রয়োজনগুলো আরও ভালোভাবে বুঝতে সহায়তা করে। বিশেষ করে রোবটিক থোরাসিক সার্জারির গুরুত্ব এবং ডা. রিশাত ইবতিশামের সঙ্গে আমাদের আজকের আলোচনা অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়েছে। রোগীকেন্দ্রিক চিকিৎসা এবং আন্তর্জাতিক রোগী ব্যবস্থাপনায় ভবিষ্যতে আমাদের যৌথ কাজের পরিধি আরও বাড়বে।
অনুষ্ঠিত এ মতবিনিময়ে চিকিৎসক, হাসপাতাল ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের মধ্যে পেশাগত যোগাযোগ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ও ভারতের স্বাস্থ্যসেবা খাতের মধ্যে নিয়মিত যোগাযোগ ও রোবোটিক সার্জারির মতো উন্নত প্রযুক্তির সমন্বয় থাকলে আন্তর্জাতিক রোগীদের জন্য সঠিক তথ্য, উপযুক্ত চিকিৎসক নির্বাচন এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সুসংগঠিত করা সম্ভব।