
সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামে সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষকে টার্গেট করে তারা “মাত্র ১০০০ টাকা দিলেই ৭০ হাজার টাকা পাওয়া যাবে”—এমন লোভনীয় প্রস্তাব দিয়ে সহজ-সরল গ্রামবাসীদের প্রতারণার ফাঁদে ফেলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারকরা দলবদ্ধভাবে গ্রামে প্রবেশ করে নিজেদের কোনো উন্নয়ন প্রকল্প, এনজিও বা বিদেশি অনুদান সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছে। তারা দাবি করছে, একটি বিশেষ প্রকল্পের আওতায় স্বল্প বিনিয়োগে অল্প সময়ের মধ্যেই বড় অঙ্কের অর্থ ফেরত দেওয়া হবে।
ভুক্তভোগীদের অভিযোগ, চক্রটি ইতোমধ্যে অনেকের কাছ থেকে ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত আদায় করেছে। কাউকে ৭০ হাজার, কাউকে ১ লাখ, আবার কাউকে দেড় লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে। এই মিথ্যা আশ্বাসে অনেকেই তাদের কষ্টার্জিত অর্থ হারিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, প্রতারণার এ ধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় চক্রটি দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং প্রতারক চক্রটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষকে এমন প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।