
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার অপচেষ্টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রেস ব্রিফিংকে কেন্দ্র করে সাংবাদিকদের একটি অংশের বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলায় কর্মরত পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, একটি স্বার্থান্বেষী মহল সাধারণ জনগণসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের বিভ্রান্ত করে ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে বুধবার (১৩ মে) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা যথাসময়ে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসেন।
প্রেস ব্রিফিং শুরু হওয়ার ঠিক পূর্বমুহূর্তে সাংবাদিকদের একটি অংশ সম্মেলন কক্ষে প্রবেশ করে সামনের সারিতে খালি চেয়ার না পেয়ে উচ্চস্বরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তারা অভিযোগ করেন, সিনিয়র সাংবাদিকদের বসার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়নি। এসময় আয়োজক কর্তৃপক্ষ তাদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, অল্প সময়ের মধ্যেই বসার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি শান্ত না করে তারা হৈচৈ ও হট্টগোল সৃষ্টি করে সম্মেলন কক্ষ ত্যাগ করেন। এ ঘটনায় সেখানে উপস্থিত শতাধিক সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন।
পরবর্তীতে ওই পক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে গিয়ে কয়েকটি মাধ্যমে জেলা প্রশাসককে জড়িয়ে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করে বলে অভিযোগ ওঠে। পেশাদার সাংবাদিকদের মতে, এ ধরনের আচরণ সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ববোধের পরিপন্থী এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল।
পরবর্তীতে প্রেস ব্রিফিং শুরু হলে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি, নদী ও খাল খনন, বৃক্ষরোপণ কার্যক্রম, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষি কার্ড প্রদান, কৃষিঋণ মওকুফসহ নানা উন্নয়নমূলক পদক্ষেপ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিভূতিভূষণ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহিনুর চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জি. এম. মনিরুল ইসলাম মনি, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক নূর ইসলাম, নির্বাহী সম্পাদক আবু তালেব মোড়ল, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দৈনিক সকালের খবরের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক মোঃ শাহ আলম, এটিএন বাংলার এম কামরুজ্জামান, দেশ টিভির শরিফুল্লাহ কাওসার সুমন, চ্যানেল ২৪-এর আমিনা বিলকিস ময়না, দৈনিক ইনকিলাবের আক্তারুজ্জামান বাচ্চু, নয়াদিগন্তের জিল্লুর রহমান, এটিএন নিউজের এম. জিল্লুর রহমান, বণিক বার্তার গোলাম সরোয়ার, নিউজ ২৪-এর মনিরুল ইসলাম মনি, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, এস. এম. রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম শাওন, এস. কে. কামরুল হাসান, মীর মোস্তফা আলী, গাজী হাবিব, ইব্রাহিম খলিল, মীর আবু বকরসহ বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক।