
সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৮১৮ সালের ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ খোদাইকৃত একটি ঐতিহাসিক সীমান্ত পিলার এবং একটি মোটরসাইকেল। উদ্ধারকৃত পিলারটির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) ও তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদারের তত্ত্বাবধানে তালা থানার একটি বিশেষ টিম দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ৫ জুন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি প্রাচীন সীমান্ত পিলার উদ্ধার করা হয়, যার গায়ে স্পষ্টভাবে ‘1818’ এবং ‘EAST INDIA COMPANY’ লেখা খোদাই করা রয়েছে। পাশাপাশি একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— তালা উপজেলার কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডল (৬০), খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের তুষার কান্তি সরদার (৩৫) ও সুশান্ত সরদার (৪৪), এবং বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২)।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের একটি পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থানীয়ভাবে অনুসন্ধান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণে তাদের বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
উদ্ধারকৃত ঐতিহাসিক সীমান্ত পিলারটি কোথা থেকে আনা হয়েছে, কীভাবে এটি তাদের দখলে এলো এবং এর সঙ্গে কোনো প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক সম্পদ পাচার চক্র জড়িত রয়েছে কিনা— সে বিষয়েও তদন্ত চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে তালা থানা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, ঐতিহাসিক সম্পদ রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।