
চিকিৎসা, গবেষণা ও গবেষণা শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার অ্যাওয়ার্ড–সিজন ২’ পেয়েছেন চিকিৎসক ও গবেষক ডা. আরিফুল হক।
গত ৩১ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চিকিৎসা, শিক্ষা, গবেষণা, ব্যবসা, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা দেশি-বিদেশি ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
ডা. আরিফুল হক বর্তমানে ভয়েস অব ডক্টরস রিসার্চ স্কুল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লাইফ ২ ওয়ে গ্লোবাল-এর স্বাস্থ্যবিষয়ক অ্যাডভাইজরি বোর্ডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও নবীন গবেষকদের গবেষণাবিষয়ক প্রশিক্ষণ, পরামর্শ এবং গবেষণা পরিচালনায় সহায়তা দিয়ে থাকে। গবেষণাপদ্ধতি, বৈজ্ঞানিক প্রবন্ধ লেখা, তথ্য বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের বিষয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে।
এর আগে ২০২৩ সালে স্বাস্থ্য, সমাজ ও মানবকল্যাণে অবদানের জন্য ডা. আরিফুল হক নেপাল–বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড লাভ করেন।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় জাদুশিল্পী জুয়েল আইচকে। বিশেষ সম্মাননা পান সংগীতশিল্পী ফাহমিদা হক, সুরকার শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, নাট্যপরিচালক চয়নিকা চৌধুরী এবং সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার। এ ছাড়া চিকিৎসা, ব্যাংকিং, গণমাধ্যম, সংস্কৃতি, ক্রীড়া, ব্যবসা, উদ্যোক্তা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান রুহিত সুমন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।