
বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশন-এর একটি প্রতিনিধিদল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে।
রোববার (২৪ মে) সকাল ১১টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এ অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দেশের মৌ-শিল্পের বর্তমান অবস্থা, মধু উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৌচাষিদের কল্যাণে সরকারি সহায়তা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ এবাদুল্লাহ আফজাল-এর নেতৃত্বে প্রতিনিধিদল প্রতিমন্ত্রীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট), বিশ্ব মৌমাছি দিবসের শুভেচ্ছা টি-শার্ট ও ক্যাপ উপহার প্রদান করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে মৌমাছির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরাগায়নের মাধ্যমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি করে মৌমাছি দেশের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তাই মৌচাষ শিল্পকে একটি সম্ভাবনাময় ও টেকসই অর্থনৈতিক খাত হিসেবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এ সময় সাধারণ সম্পাদক মোঃ এবাদুল্লাহ আফজাল বলেন, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন মধু উৎপাদনের পাশাপাশি দেশে মৌচাষ শিল্পের আরও বিস্তারে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও গবেষণার বিকল্প নেই। তিনি মৌচাষিদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা, প্রযুক্তিগত সহায়তা এবং অধিক উৎপাদনশীল আন্তর্জাতিক মানের রাণী মৌমাছি আমদানির বিষয়ে সরকারি সহযোগিতা কামনা করেন।
উন্নত জাতের রাণী মৌমাছি বিদেশ থেকে আমদানির বিষয়ে সহযোগিতা চাওয়া হলে মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে লিখিত সুপারিশ দাখিলের নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের পক্ষ থেকে মৌচাষ শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, “মৌচাষ শিল্প শুধু মধু উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। এ খাতকে আরও আধুনিক, লাভজনক ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।”
সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশন-এর পক্ষ থেকে প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।