1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ২৪, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৮

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা এলাকায় খুলনা-যশোর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি জ্বালানি তেলবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আটজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে যশোর থেকে খুলনাগামী একটি জ্বালানি তেলবাহী ট্রাকের চাকা হঠাৎ ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যশোরগামী ‘রূপসা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের মুহূর্তে ট্রাকটির পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের শিক্ষার্থীদের বহনকারী আরেকটি বাস ট্রাকটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে সেটিও সজোরে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে মুহূর্তেই মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তিনটি যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে রয়েছেন বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইভা (১৯), সমাজকর্ম বিভাগের তামান্না জান্নাত (২০), অর্থনীতি বিভাগের সাবরিনা (২৪), গণিত বিভাগের রন্তা রায় (৩০) ও মাইমুনা (২২), বাংলা বিভাগের নাজমুন নাহার (১৮), যশোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান (৪০) এবং বাসের হেলপার সাইফুল (৪০)। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাদের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, ভর্তি রোগীদের মধ্যে কয়েকজনের আঘাত তুলনামূলক গুরুতর হলেও সবাই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রয়েছে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তৌহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ত্রিমুখী সংঘর্ষে মোট ২৪ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।”

দুর্ঘটনার কারণে খুলনা-যশোর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হলেও ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানোর ঘটনাকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »