
নরসিংদীর মাধবদী থানার বালুসাইর গ্রামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আবুল হোসেনকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল ও অভিযুক্তের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবুল হোসেন তাকে রাস্তা থেকে ফুসলিয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হলে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
জনতার ক্ষোভ ও বিক্ষোভ
ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আবুল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে শত শত গ্রামবাসী একত্রিত হয়ে ঘাতকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত আবুল হোসেনকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।